ঝিনাইদহ জেলা কারাগারে মাদক মামলার হাজতি আসামি শহিদুজ্জামান ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার দুপুরে কারাগারের নবগঙ্গা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শহিদুজ্জামান মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে।
আহত শহিদুজ্জামান জানান, গত ৪ মাস যাবৎ মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে রয়েছেন তিনি। কারাগারে থাকা অন্য আসামিরা তাকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করার কারনে দুঃখে নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
সদর হাসপাতালের ডাক্তার ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামানের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, আসামি শহিদুজ্জামান কয়েক মাস যাবৎ জেলখানায় আছেন। তার আত্মহত্যার কারণ কি সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ইত্তেফাক/নূহু