রাজশাহীতে ২০ বস্তা জিহাদী বই ও ৩টি ককটেলসহ দুই শিবিরকর্মী আটক

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখার সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ককটেল ও ২০ বস্তা জিহাদী বই উদ্ধার করা হয়। আজ সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর ডাঁশমারী মধ্যপাড়া ও রাত সাড়ে আটটার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের শিবিরের সভাপতি সাকিব হাসান (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও জেলার মোহনপুর উপজেলার জাহানারাবাদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম সিরাজী।
 
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম শিবিরকর্মী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রাবাসে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সিরাজীকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।
 
নগরীর মতিহার থানার ওসি শাহাদত হোসেন বলেন, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বস্তা জিহাদি বই, লিফলেট, হ্যান্ডবিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের শিবিরের সভাপতি সাকিব হাসানকে (২৩) আটক করা হয়। তিনি বলেন, নগরীর মির্জাপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহিম কাশেমের মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় বাই সাইকেলে যাওয়া একটি বস্তা তল্লাশী করে জিহাদী বই পায়। এ সময় তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাশমারি এলাকার শিবির কর্মী মৃত রাশিদুল হক রান্টুর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ২০ বস্তা জিহাদী বই উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/নূহু