গাজীপুরের কালিয়াকৈরে সোমবার বিকালে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লিটন সাহা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত লিটন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রগুকোশ গ্রামের সত্য সাহার ছেলে। সে উপজেলার সাহেব বাজার এলাকায় ইয়াছিন মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় নিপা ফার্মাসিটিক্যাল কোম্পানির কালিয়াকৈর শাখার রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে কর্মরত আছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী তানজিদা (২১) ওই দিন বিকালে ক্লাস শেষে কলেজ থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফিরছিলেন। সুযোগ বুঝে ওই বখাটে চলন্ত বাসে তাকে যৌন নিপীড়ন করে। এক পর্যায়ে তানজিদা অজ্ঞান হয়ে যান। এ সময় তানজিদার সঙ্গে থাকা চাচাত বোন নিলুফা বাড়ির লোকজনকে মোবাইলে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন উপজেলার মজিদচালা নামক বাসস্টেশন থেকে বখাটে লিটন সাহাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর বড় ভাই আ.ফ.আ.হা. জেহাদী মোজাদ্দেদী হাদী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় যৌন নিপীড়নের দায়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু