রংপুরে নো-হেলমেট নো পেট্রল কর্মসূচির পর শুরু হয়েছে মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান। মঙ্গলবার থেকে পুলিশ ও ট্রাফিক বিভাগ এই অভিযান শুরু করেছে।
রংপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরীর বাইরে মহাসড়কগুলোতে প্রতিদিন কয়েকশত অটোরিক্সা, টেম্পু, ট্রাক্টর চলাচল করছে। ধীরগতির এসব যানবাহনকে অতিক্রম করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার প্রধান কারণ হয়ে উঠেছে এসব তিন চাকার যানবাহন। তাই দুর্ঘটনারোধে এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
নগরীর মেডিক্যাল মোড় থেকে সিও বাজার, মর্ডান মোড় থেকে দমদমা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৯টি অটোরিক্সা আটক করা হয়। আটককৃত এসব অটোরিক্সা পুলিশ লাইন্স মাঠে এনে ডাম্প করা হয়।
রংপুর ট্রাফিক ইনচার্জ খান মোহাম্মদ মিজানুর ফাহামি জানান, ধীরগতির যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়ে চলছে। তাই এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
ইত্তেফাক/নূহু