বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাম মুর্শেদী এমপি নির্বাচিত

খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন কমিশন (ইসি) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর বিধি অনুযায়ী গ্রেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠিত হবে।
 
আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান।
 
খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টার পর আব্দুস সালাম মুর্শেদীকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে।
 
নির্বাচন কমিশন সূত্র জানায়, সালাম মুর্শেদী ছাড়াও খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে তারা মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দেননি। ফলে এ আসনে একক প্রার্থী ছিলেন আব্দুস সালাম মুর্শেদী।
 
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে খুলনা-৪ আসনটি শূন্য হয়। গত ২০ আগস্ট আব্দুস সালাম মুর্শেদীকে খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়। গত ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৪ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন। আর ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার  দিন নির্ধারিত ছিল।
 
ইত্তেফাক/বিএএফ