কুমিল্লার চান্দিনায় ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে বাশার মাহমুদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা। সোমবার রাত ৯টা ২০মিনিটের সময় তার ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পর বিষপান করে সে। পরে তাকে ঢাকায় নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত বাশার মাহমুদ চান্দিনা পৌর এলাকার ১নং ওয়ার্ডের কচুয়ারপাড় গ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুই ভাইয়ের মধ্যে বাশার ছোট।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয় নিয়ে পিতা ও বড় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। সোমবার নিজ আইডি থেকে ‘আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মিত্যু হয় তার পুরো দায় আমার ফ্যামিলির, বিশেষ করে আমার ভাইয়ের, আমার মিত্তুতে অন্য কারো পরোচনা ছিল না, আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন ক্ষমা করবেন আমাকে’।
এমন স্ট্যাটাসের পরপরই আত্মীয়-স্বজনরা বাশারের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে। আর ততক্ষণে বাশার তার নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরিবারের লোকজন তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নিয়ে যায়। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
IMG0
তার মৃত্যুতে মঙ্গলবার ফেইসবুকে শোক বার্তায় স্ট্যাটাস দেয় চান্দিনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মী। তবে বিষয়টি একেবারে কিছু জানে না চান্দিনা থানা পুলিশ!
মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ৭টায় চান্দিনা থানার প্রধান কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামছুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই।
ইত্তেফাক/নূহু