সাঘাটায় ট্রাক্টরচাপায় মামা-ভাগ্নে নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ সময় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের এমপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২১) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নরউত্তম ঘোষ (২৫)। 
 
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমানজানান, রংপুরের বড় দরগাহ এলাকায় সজিব ও নরউত্তমের দই-এর দোকান আছে। সকালে সেখান থেকে গাইবান্ধা হয়ে দক্ষিণ উল্যা গ্রামে ফিরছিলেন। পথে ওই এলাকায় শাখা ঢালু সড়ক থেকে হটাৎ ওই স্কুলছাত্র বাইসাইকেলে সড়কে উঠে আসলে তাদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে। এ সময় বিপরীত দিকে  থেকে আসা বালুবোঝাই ট্রাক্টর এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। 
 
 
ইত্তেফাক/ইউবি