আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র নিহত

লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজ ছাত্র রাশেদুল ইসলাম (১৭) মারা গেছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 
রাশেদুল কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে উপজেলার নামুড়ি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র।
 
এ ঘটনায় মঙ্গলবার রাতে অধ্যক্ষ এএইচএম শরীফুজ্জামান শরীফ বাদী হয়ে মোটর সাইকেল চালক কিবরিয়ার (২৪) নামে থানায় মামলা দায়ের করেছেন। কিবরিয়া পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে।
 
নামুড়ি কলেজের প্রভাষক নাদিরুল ইসলাম মানিক জানান, মঙ্গলবার সকালে রাশেদুল বাইসাইকেল যোগে কলেজ যাচ্ছিল। লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক থেকে কলেজ গেটে ঢুকতেই লালমনিরহাটগামী  একটি দ্রুত গতির মোটরসাইকেল রাশেদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় মোটর সাইকেলটি আটক করা হয়। আর গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে প্রথমে আদিতমারী হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কলেজ অধ্যক্ষ বাদী হয়ে মোটরসাইকেল চালকের বিরুদ্ধ মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, আটককৃত মোটরসাইকেলটি থানায় রয়েছে।
 
ইত্তেফাক/এএম