ভারত সফররত জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে এক বৈঠক হয়। দিল্লীর সাউথ ব্লকে প্রায় সোয়া এক ঘণ্টার এ বৈঠকে বাংলাদেশ-ভারত দুই দেশের মাঝে বিরাজমান সুসম্পর্ক এবং সার্বিক পরিস্থিতি আলোকপাত, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে উপমহাদেশের ভবিষ্যত এবং করনীয় প্রসঙ্গে আলোচনা বৈঠকে স্থান পায়। প্রাণবন্ত ও ফলপ্রসূ এ বৈঠকে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী এবং জাকের পার্টি নারী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা ফারাহ আমীর ফয়সল জাকের পার্টি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) এক বিশেষ আমন্ত্রণে জাকের পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে জাকের পার্টির একটি উচ্চ পর্য়ায়ের প্রতিনিধিদল ১০ দিনের সফরে এখন ভারতে রয়েছেন। প্রতিনিধিদল গত ৩১ আগস্ট দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
সফরসূচি অনুযায়ী জাকের পার্টি প্রতিনিধিদল পুনে ও মুম্বাই যাবেন।
ইত্তেফাক/কেকে