উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক সেনা সদস্যের মৃত্যু

বুধবার সকালে উল্লাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শেখ ফরিদ (২২) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তিনি উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ফরিদ খাগড়াছড়িতে সেনাবাহিনীর ২২বি ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। ১ সপ্তাহ আগে ছুটিতে তিনি বাড়ি আসেন। 
 
নিহতের পরিবার ও সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন জানান, ঘটনার সময় শেখ ফরিদ তার বাড়ির পাশে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ লাইনের পাশে পিতরাজ গাছে উঠে ডাল কাটছিলেন। একটি ডাল পাশের বিদ্যুৎ লাইনের ওপর পড়লে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাক মৃত ঘোষণা করেন। 
 
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, এই ঘটনার সময় নিহতের পরিবার থেকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অভিযোগ কেন্দ্রে লাইন বন্ধ করার জন্য বারবার ফোন (০১৭৬৯-৪০১৮৩৫) করলেও অফিস থেকে তা ধরা হয়নি। ফলে বিদ্যুৎস্পৃষ্টে থাকা ফরিদের অবস্থা আরও খারাপের দিকে যায়।
 
এ ব্যাপারে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহা ব্যবস্থাপক হাসান মাহমুদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ কেন্দ্রে গ্রাহকদের ফোন না ধরার অভিযোগ অস্বীকার করেন। মহাব্যবস্থাপক জানান, বিদ্যুৎস্পৃষ্টে যে কোনো ব্যক্তির ১ মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে। সমিতির নিয়ম অনুযায়ী কোন গ্রাহক বিদ্যুৎ লাইনের পাশে গাছপালা কাটলে তা অনেক আগেই বিদ্যুৎ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট পরিবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতিকে লিখিত বা মৌখিক কোনভাবেই জানানো হয়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।
 
ইত্তেফাক/নূহু