স্কুল শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে তরুণের ৩ মাসের কারাদণ্ড

ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্কুল শিক্ষিকা সুবর্না রানী সমদ্দারকে ইভটিজিংয়ের দায়ে রাজিব (১৮) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুস। রাজির কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চকডোষ গ্রামের আলমগীরের কলেজ পড়ুয়া ছেলে।
 
স্কুল শিক্ষিকা সূবর্না রানী সমদ্দার জানান, দীর্ঘদিন যাবত রাজীবসহ একটি চক্র ফেইক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো এবং মানহানীকর লিফলেট ছাপিয়ে বিভিন্ন স্থানে প্রেরণপূর্বক সম্মানহানী ও ভয়ভীতি  প্রদান করে আসছিল। মঙ্গলবার রাতে লিফলেট বিতরণকালে তারা স্থানীয়দের হাতে আটক হয়। পরে রাত আনুমানিক সাড়ে ১০টায় রাজিরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
বোরহানউদ্দিন থানার প্রধান কর্মকর্তা অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবককে ঘটনার দায়ে স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইভটিজারকে সাজা প্রদান করা হয়।
 
নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
 
ইত্তেফাক/নূহু