একটি বাড়ি চান লোহাগাড়ার মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র লাল

বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র লাল দেব নাথ (৬৮)। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের মৃত রামানন্দ দেব নাথের ছেলে। জীবন বাজি রেখে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি। বর্তমানে ছয় মেয়ে এক ছেলে ও স্ত্রী নিয়ে তার সংসার। ঋণ করে বিয়ে দেন ছয় মেয়েকে। বর্তমানে এক ছেলে ও স্ত্রী নিয়ে একটি ভাঙ্গা ঘরে বসবাস করছেন। চা বিক্রি করে চালাচ্ছেন সংসার। নেই কোন চাষের জমি।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাপ-দাদার ভিটায় মাথা গোঁজার ঠাই ভাঙ্গা বাড়িটির টিনের চাল ফুটো হয়ে গেছে। বেড়া ভগ্নদশা। দেখলে মনে হবে একটি গোয়াল ঘর। ওই ঘরেই বহুদিন থেকে বসবাস করছেন তিনি।
 
ব্রজেন্দ্র লাল দেব নাথ জানান, তিনি ১নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন ঝালমুড়ি বিক্রি করেছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দেন। তার প্রাপ্ত ভাতা থেকে কিছু কিছু টাকা জমিয়ে চায়ের দোকান দেন। হার্টের অসুস্থতার কারণে ভারি কোন  কাজ করতে পারেন না। মেয়েদের বিয়ে দেয়ার আগে অনেক জায়গায় চাকরির আবেদন করে চাকরি হয়নি। তার ছেলেটি মাধ্যমিক পাস করেছে। তার আবেদন মাথা গোজার জন্য একটি বাড়ি। আর সন্তানের জন্য একটি চাকরির ব্যবস্থা করা।
 
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, ব্রজেন্দ্র লাল দেব নাথ একজন মুক্তিযোদ্ধা। তার বাড়ির অবস্থা অত্যন্ত নাজুক। মানবিক বিবেচনায় তার পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করে দেয়া জরুরী।
 
উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম জানান, তিনি খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ব্যবস্থা করবেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র লাল দেবনাথের জীবন যাপনে কষ্টের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাবেন।
 
ইত্তেফাক/বিএএফ