নারায়ণগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে লিটন হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ হাজতির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
লিটন হোসেনের হাজতি নম্বর ৩৫৩৬/০৮। তিনি শহরের দেওভোগ আখড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ আসাদুর রহমান জানান, লিটন হোসেনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে আরো দুটি মাদকের মামলা।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৭ হাজার পিস ইয়াবাসহ তাকে আটকের পর চলতি বছরের ১১ মার্চ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে ওইদিনই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেই সময় থেকেই তিনি কারাগারে ছিলেন।
নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, গতকাল বুধবার ভোরে জেলখানায় লিটন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে তাকে প্রতিদিন নিয়মিত ১৮ প্রকারের ওষুধ সেবন করানো হতো। ইয়াবা ব্যবসার পাশাপাশি তিনি ইয়াবা সেবনও করতেন। তার স্ত্রীও জানিয়েছিলেন সে হার্টের রোগী এবং ইয়াবাসেবী।
তিনি আরো জানান, এর আগে লিটন জেলখানাতেই দুইবার অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় নারায়ণগঞ্জ ও ঢাকায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিলো। বুধবার দুপুরে লিটন হোসেনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/নূহু