খুলনায় কামরুজ্জামান সুমন (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রূপসা ঘাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মো. আলামীন (১৮) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সুমন নগরীর রূপসা নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। আহত আলামীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে ৬/৭ জন যুবক ঘটনাস্থলে এসে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলি তার শরীরের বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহতের ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া একজন পথচারী আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/আরকেজি