পগবাকে বার্সায় চান সুয়ারেজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পল পগবা বার্সেলোনায় এলে অনেক বেশি ট্রফি জেতার সুযোগ পাবেন। বলছেন, গত বছরের লা লিগা জয়ী স্প্যানিশ ক্লাবটির এই তারকা ফুটবলার লুইস সুয়ারেজ।
 
পুরনো ক্লাব ম্যানচেস্টারে ফিরে গত দুই মৌসুম নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কাটিয়েছেন পল পগবা। দলের ম্যানেজার হোসে মরিনহোর সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে তার দেশে ফ্রান্সের হয়ে খেলার সময়েই পগবাকে সেরা ছন্দে দেখা গিয়েছে গত দুই বছরে। সেখানে তার দাপটেই লুইস সুয়ারেজের উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ছিটকে গিয়েছিল বিশ্বকাপ থেকে।
 
২০১৩ সালে ম্যানইউ ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিক সাফল্য নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু এই সময়ের মধ্যে তিন বার লা লিগা ও এক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা।
 
সেই পরিসংখ্যান মনে করিয়ে সুয়ারেজ বলছেন, ‘পগবা এমন একজন সেরা ফুটবলার, যে সব ট্রফি জিতেছে। পাশাপাশি, আমরাও এ রকম সেরা একজন ফুটবলারকে দলে চাই। কারণ ম্যানইউ’র অন্যতম সেরা ফুটবলার পগবা। ও আমাদের দলে এলে আরও অনেক বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবে। বার্সেলোনায় স্বাগত পগবা।’
 
গত পাঁচ বছরে মাত্র একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা। আন্দ্রে ইনিয়েস্তা গত মৌসুমে অবসরের পর ফের নতুনভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া সুয়ারেজের ক্লাব। তাই পগবাকে দলে পেতে চাইছে স্পেনের এই ক্লাবটি। এমনই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের।
 
ইত্তেফাক/কেআই