জামালপুরের ইসলামপুর উপজেলায় আব্দুল গফুর নামে এক বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার পরিবার সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। বৃহস্পতিবার বেলা ১২টায় ইসলামপুর উপজেলা থানা মোড় মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোখছেলুর রহমান হিরু, সাবেক ডেপুটি কমান্ডার সুজাদ আলী, মেলান্দহ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সর্দার জাকিউল হক প্রমুখ।
বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারাদেশে রাজাকারদের তালিকা প্রকাশকরাসহ আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে রাজাকার ও তাদের সদস্যদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানান।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর সকালে মতিয়ার রহমান চৌধুরীর পরিবারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত মুক্তিযোদ্ধা প্রথমে জামালপুর পরে ঢাকায় চিকিৎসার নেওয়ার পর মঙ্গলবার তিনি বাড়ি ফিরেছেন।
ইত্তেফাক/বিএএফ