জামালপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরে নাগর আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার রশিদপুর এলাকায় শ্মশানঘাটের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত নাগর আলী মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যের চর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, জামালপুর পৌরসভার রশিদপুর শ্মশানঘাটের কাছে একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সংবাদটি জানাজানি হলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি নাগর আলীর বলে শনাক্ত করেন।
 
পুলিশ ও নিহতের স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি বেধে গাছে ঝুলিয়ে রেখে চলে যায়।
 
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের পর এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ