সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত শাহ আলমের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়। গত ৪ জুলাই সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় শাহ আলম।
নিহত শাহ আলমের স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যাণ বিভাগের একটি প্রতিনিধি দল শাহ আলমের লাশ দেউলি গ্রামে নিজ বাড়িতে পৌঁছে দেয়। পরে সকাল ৯ টায় দেউলি পুর্বপাড়া জামে মসজিদের সামনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হয়। লাশ দাফন বাবদ সরকারিভাবে শাহ আলমের পরিবারকে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
এদিকে শাহ আলমের লাশ এলাকায় পৌঁছলে এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শাহ আলম ১০ মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে বৈধ ভিসায় নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরব যান। মৃত্যুর আগ পর্যন্ত বাড়িতে কোন টাকা পাঠাতে পারেননি। বাবা মা ছাড়াও শাহ আলমের সংসারে স্ত্রী আম্বিয়া বেগম ও আকাশ নামে ২ বছরের এক ছেলে রয়েছে।
ইত্তেফাক/বিএএফ