দিনের বেলায় জনপ্রতিনিধি আর রাতের বেলায় ভয়ংকর সন্ত্রাসী। এমন একজনকে আটক করেছে বগুড়া শেরপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে একটি বিদেশী পিস্তলসহ তাকে আটক করা হয়।
তার নাম মো. আব্দুর রউফ (৪০)। সে বগুড়ার শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গোবিন্দ গ্রামের ফজলুল হকের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানায় প্রেস ব্রিফিংয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, আব্দুর রউফ সর্বহারা দলের সদস্য। সে দুর্ধর্ষ ছিনতাইকারী ও দাঙ্গাবাজ। রউফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। নিজ এলাকার বাইরে পার্শ্ববর্তী জেলায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে সে জড়িত।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিষিদ্ধ সর্বহারা দলের নেতা আব্দুর রউফ বুধবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে শেরপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে তার কোমরে রাখা একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ইত্তেফাক/বিএএফ