ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রফতানিতে জটিলতা দেখা দিয়েছে। ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ আমদানি-রফতানি বন্ধ রাখে দু’দেশের ব্যবসায়ীরা। এর আগে বুধবার ভারতের একটি রাজনৈতিক দলের সমর্থিত ব্যবসায়ীদের বাধার কারণে ত্রিপুরায় রফতানি হওয়া প্রায় ১১ টন মাছ সারাদিন বন্দরে আটকে থাকে। এ সমস্যার সমাধান না হওয়ায় ভারতের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য মাছ আমদানি বন্ধ রাখার ঘোষণা দেন।
জানা গেছে, বুধবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১১টন দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ভারতে রফতানি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। কিন্তু আগরতলার বর্তমান ক্ষমতাসীন দল সমর্থিত ব্যবসায়ীদের একটি অংশ সেই মাছগুলো বন্দর থেকে বাজারে নিয়ে যেতে বাধা দেয়। এতে মাছগুলো সারাদিন বন্দরে আটকে পড়ে থাকে। বৃহস্পতিবার সারাদিনও এ তাদের মধ্যে সমঝোতা হয়নি।
আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, বুধবার সকালে রফতানি করা মাছগুলো বাজারে নিয়ে যেতে বাধা দেয় ত্রিপুরার বর্তমান ক্ষমতাসীন দল সমর্থিত কিছু ব্যবসায়ী। এতে আমদানিকারকের বিপুল পরিমাণ টাকার ক্ষতি হয়। এজন্য মাছ আমদানিকারক শিপন মিয়া আমাদেরকে জানিয়েছেন এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মাছ আমদানি করবেন না।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া বলেন, ভারতের আমদানিকারকেরা জানিয়েছেন সেদেশের কিছু ব্যবসায়ী পুরনো ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় বন্দর থেকে মালামাল খালাস করতে দিচ্ছে না। এ কারণে মাছ রফতানি বন্ধ আছে। শুক্রবারের মধ্যে এ সমস্যার সমাধান না হলে শনিবার থেকে সব আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য রফতানি বন্ধ থাকবে।
ইত্তেফাক/বিএএফ