বঙ্গবন্ধুর গোসল ও দাফনে অংশগ্রহণকারী সাতক্ষীরার রজব আলি মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়স্ক রজব আলির অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তার পারিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে রজব আলি সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাড়িতে ব্রেইন স্ট্রোক করেন। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে ডা. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রজব আলির চিকিৎসার দেখভাল করছেন।
রজব আলি সাতক্ষীরা পুলিশ লাইনস মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। তার পরিবারের সদস্যরা তার রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
মওলানা রজব আলি ১৯৭৫ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোবরা মাদ্রাসা ও পরে গওহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করতেন। সে বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকায় হত্যার পর টুঙ্গিপাড়ায় তার মরদেহ হেলিকপ্টারে নিয়ে আসে আসা হয়। সাতক্ষীরার রজব আলি ও তার সহপাঠী গোপালগঞ্জের পাটগাতির জালালউদ্দিন ও দিঘলিয়ার বেলায়েত হোসেন বঙ্গবন্ধুর গোসল, জানাযা ও দাফনে অংশ নেন। জালালউদ্দিন ও বেলায়েত হোসেন সাতক্ষীরার কামালনগর ও আনসার ক্যাম্প মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি তারা মারা গেছেন।
ইত্তেফাক/জেডএইচ