আলমডাঙ্গায় ১১ বিএনপি-জামায়াতের নেতাকর্মী ১২টি হাতবোমাসহ গ্রেপ্তার

আলমডাঙ্গা পৌর এলাকার বিটিম মাঠ থেকে ১২টি হাতবোমাসহ ১১ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
 
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তাকৃতদের স্বীকারোক্তিতে মাঠের পাশের বাঁশবাগান থেকে ব্যাগে মোড়ানো ১২টি হাত বোমা উদ্ধার করে পুলিশ। 
 
আজ বৃহস্পতিবার ১২টায় থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের সম্পর্কে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
 
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃধবার রাতে গ্রেপ্তারকৃত বিএনপি-জামায়াতের লোকজন পৌর এলাকার বিটিম মাঠে নাশকতার পরিকল্পনা করতে বৈঠক করছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা দৌড়ে পালিয়ে গেলেও ১১ জনকে আটক করা সম্ভব হয়। 
 
আরো জানানো হয়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ৫৭ জন আসামির নাম স্বীকার করেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।
 
গ্রেপ্তারকৃরা হলেন, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, বাবুপাড়ার মৃত কিয়ামউদ্দিনের ছেলে বিএনপি কর্মী তোফাজ্জেল হোসেন, থানাপাড়ার ওবাইদুলের ছেলে ছাত্রদলের সদস্য সাগর, ভোদুয়া গ্রামের সোহরাব শাহের ছেলে জামজামী ইউপি বিএনপির সভাপতি আলম শাহ, ছত্রপাড়া গ্রামের গঞ্জের আলীর ছেলে ডাউকি ইউপি জামায়াতের সেক্রেটারী আব্দুস সালাম, ছত্রপাড়া গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি লাল খান, বাদেমাজু গ্রামের মৃত লুৎফর ফরাজির ছেলে ডাউকি ইউপি যুবদলের সভাপতি আকতারুজ্জামান, মৃত সাদেক আলীর ছেলে বিএনপি সদস্য আব্দুস সাত্তার, ভালাইপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বিএনপি সদস্য ডালিম হোসেন, কুলপালা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে বিএনপি সদস্য বজলুর রহমান ও বড়গাংনী গ্রামের আবু বক্করের ছেলে বিএনপি সদস্য বাবলুর রহমান। 
 
থানার প্রধান কর্মকর্তা আবু জিহাদ খান জানান, গ্রেপ্তারকৃতদের বিষ্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু