প্রবল বাতাসে নদী উত্তাল থাকায় ঝুঁকি এড়াতে দৌলতদিয়া—পাটুরিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল করছে ধীর গতিতে। ফেরি এবং ঘাট স্বল্পতার কারণে উভয় ঘাটে আটকা পড়েছে যানবাহন। সৃষ্টি হয়েছে যানবাহনের লম্বা লাইন।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় ঝুঁকি এড়াতে সকাল নয়টা থেকে নৌপথের সকল ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে এসময় বড় লঞ্চগুলো খুবই সতর্কতার সাথে চলাচল করে। নদীতে বড় ঢেউ থাকায় চালকদের সাবধানে চলতে বলা হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় বিকাল চারটা থেকে এই নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ শুক্রবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লঞ্চ চালু করার কথা রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, কয়েক দিন ধরে নদীতে পানি বাড়তে থাকায় আগের থেকে স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে সময় লাগছে বেশি। গতকাল সকাল থেকে প্রচ্ল বাতাস বইতে থাকায় নদী উত্তাল হয়ে পড়ে। বড় বড় ঢেউ দেখা দেওয়ায় এক ঘাট থেকে আরেক ঘাটে পৌঁছতে সময় লাগছে এক ঘন্টার বেশি। এরপর ফেরিগুলো ঘাটে ভিড়লেও বাতাস ও স্রোতের ধাক্কায় নোঙ্গর করতে সময় লেগে যাচ্ছে আরো অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০মিনিট।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রয়োজনের তুলনায় ফেরি কম। ছয়টির মধ্যে এক নম্বর ঘাটে খননযন্ত্র থাকায় এবং দুই নম্বর ঘাটে লোকবল না থাকায় ফেরি ভিড়ছে না। চারটি ঘাট দিয়ে গাড়ি পার হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে নদী উত্তাল থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে। এসব কারণে দৌলতদিয়ায় তিন শতাধিক যানবাহন আটকে আছে।
ইত্তেফাক/নূহু