রংপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উত্তরাঞ্চলে সাব ডিভিশন-২ এর স্টোর রুমে শুক্রবার রাত ১২টার দিকে আগুন লেগে মালামাল পুড়ে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে ১টি পুরাতনসহ ৪টি নতুন এসি, ৩টি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল ও সরঞ্জাম। এছাড়া রয়েছে পাউবোর অভ্যন্তরীণ বাসা অফিসের মেরামতের কাগজপত্র, হিসাবপত্র, ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ইত্যাদি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কেউ বলছেন বড় ধরনের দুর্নীতি ঢাকতে এ আগুন লাগানো হতে পারে।
তবে নির্বাহী প্রকৌশলী মেহেদী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাউবোর কাজের কাগজপত্র ওখানে ছিল না। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত কমিটি গঠন করা হলে তাদের তদন্তে বেরিয়ে আসবে ক্ষয় ক্ষতির পরিমাণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, গোটা পাউবোর বৈদ্যুতিক তার দেশ স্বাধীন হওয়ার অনেক আগের। সেই তার বিদ্যুৎ সরবরাহের উপযোগী নয়। এ কারণে ওয়্যারিং ত্রুটির কারণে প্রায় সময় আগুন লাগে। সকল বৈদ্যুতিক তার না পাল্টালে আগামীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেছেন।
ইত্তেফাক/জেডএইচ