হালুয়াঘাটে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে মোফাজ্জল হোসেন (৪২) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হালুয়াঘাট সদর ইউনিয়নের দক্ষিণ মনিকুড়া গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত মোফাজ্জল হোসেন উপজেলার ভুবনকুড়া ইউনিয়নে কুমারগাতি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
 
জানা যায়, গরু ব্যবসায়ী মোফাজ্জল বৃহস্পতিবার হালুয়াঘাট সদর বাজারে গরু বিক্রয় শেষে আর বাড়িতে ফেরেননি। শুক্রবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণ মনিকুড়া রাস্তার পাশে ধানক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন শুক্রবার রাতে বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
এ বিষয়ে হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, কে বা কাহারা মোফাজ্জলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
 
ইত্তেফাক/বিএএফ