লাকসামে জিহাদি বইসহ শিবিরের ৩ নেতা গ্রেপ্তার

লাকসাম উপজেলা অভিযান চালিয়ে শিবিরের ৩ নেতাকে আটক করেছে। শুক্রবার বিকেলে গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রাম থেকে তাদেরকে আটক করে শনিবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো- লাকসাম উপজেলা শিবিরের সহ-সভাপতি ও খিলা ইউনিয়ন সভাপতি মো. আবদুল্লাহ আল নোমান (২২), গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি আব্দুস ছালাম ছাব্বির (১৯) ও প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ (১৯)।
 
থানা সূত্রে জানা গেছে, নাশকতার গোপন বৈঠকের সংবাদে পুলিশ বেতিহাটি গ্রামের সাবেক মেম্বার আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ছাত্রশিবিরের ওই ৩ নেতাকে আটক করা হয়। অভিযানকালে বেশ ক’জন কিশোরকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।
 
বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান জানান, ৩১টি জিহাদি বইসহ ছাত্রশিবিরের ৩ নেতাকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ