আড়াইহাজারে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বন্দুকযুদ্ধে নিহত ১

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির রাজধানী ঢাকার দক্ষিণ গ্রাম গোয়ালবাড়ীর নুরু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানাসহ অন্যান্য জেলায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, আজ ভোরে ডাকাতি করে মরদাসাদি এলাকার চকের মধ্যে বসে ডাকাত সদস্যরা ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল। ওইসময় ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি ও গোলাগুলি হয়। গোলাগুলি ও ডাকাতদের চিৎকার শোনে টহল পুলিশ সেখানে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে জাকিরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের দিয়ে আঘাতের চিহ্ন আছে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কিভাবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
ওসি এমএ হক বলেন, নিহত জাকির আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ময়মনসিংহের ত্রিশাল থানা, টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের  জরুরী বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন জানান, তার গায়ে গুলি ও কোপের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ