পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।রবিবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বোদা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, শিশু, নারী, অভিভাবকসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
জানা গেছে, গত ২৬ আগস্ট সকালে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর প্রাইভেট কোচিং সেন্টারে পড়তে যায় বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ওই ছাত্রী। এ সময় কেউ না থাকার সুযোগে রাজ্জাক ছাত্রীকে শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায় সে। ঘটনার দিনই ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের কাছে একটি লিখিত অভিযোগ দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী সভা করে ওই শিক্ষককে ৬ মাসের জন্য বরখাস্ত করে।
IMG0
ওই স্কুল ছাত্রীর মা জানান, আমরা বিদ্যালয়ের শিক্ষকদের আমাদের ছেলেমেয়েদের অভিভাবক মনে করে তাদের স্কুলে পাঠাই। কিন্তু তাদের হাতেই এখন আমাদের সন্তান নিরাপদ না। আমার মেয়েকে যে শিক্ষক শ্লীলতাহানির চেষ্টা করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল জানান, এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই তার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ