নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ মিলল পুকুরে!

নিখোঁজের দুইদিন পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনি মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের লাশ বস্তাবন্দী অবস্থায় পুকুরে পাওয়া গেছে। রবিবার দুপুর ১২টার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 
 
নিহত শিশু জনি মিয়া কেন্দুয়া উপজেলার গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও মোজাফরপুর ইউনিয়নের গগডা আটকান্দিয়া গ্রামের ছোবান মিয়ার ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় গগডা আটকান্দিয়া গ্রামের নিজ বাড়িতে তার মায়ের সঙ্গে খাবার খায় জনি। পরে সে খেলাধুলার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। দিনশেষে জনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। কিন্তু জনিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে সন্তানের খোঁজে না পেয়ে তার বাবা-মা বারবারই মূর্ছা যান। 
 
রবিবার দুপুর ১২টার দিকে একই গ্রামের আব্দুল বারেকের পুকুরে বস্তাবন্দী লাশ ভাসতে দেখে  এলাকাবাসী। পরে খবর পেয়ে নেত্রকোনার এএসপি (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী, ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। তবে রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
 
ইত্তেফাক/জেডএইচ