উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের প্রথম জয়

কিলিয়ান এমবাপে ও জিরুদের গোলে উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো দলটি।
 
ম্যাচের চতুর্দশ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। নেদারল্যান্ডসের কুইন্সি প্রোমেস ডি-বক্সের ভেতরে ব্যাক হেড করে সতীর্থকে বল দেয়ার চেষ্টা করেন। বলটি গিয়ে পড়ে ব্লেইস মাতুইদির সামনে। ক্ষিপ্রতার সঙ্গে গোলমুখে ক্রস দেন এই মাতুইদি। আর তাতে পা ছুঁয়ে সহজেই নেদারল্যান্ডসের জালে বল জড়ান পিএসজি তারকা এমবাপে।
 
প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ৬৭তম মিনিটে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান রায়ান বাবেল। তেতের বাড়ানো ক্রসে পা ছুঁয়ে তিনিও ফ্রান্সের জালে বল জড়ান। তবে ৭৫তম মিনিটে জিরুদের দেয়া গোল আর পরিশোধ করতে পারেনি নেদারল্যান্ডস।
 
এই গ্রুপে নিজেদের দুই ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গেই ড্র করে ১ পয়েন্ট নিয়ে ২ নম্বরে জার্মানি। প্রথম ম্যাচ হেরে পয়েন্ট শূন্য নেদারল্যান্ডস তৃতীয় স্থানে।
 

ইত্তেফাক/এএম