শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

যশোরের শার্শায় ভাড়া বাড়ির ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে বাড়ির মালিক আরজুর স্ত্রী ময়না খাতুনও (৩২) আহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত আরিফ হোসেন (১৪) ওই বাড়ির ভাড়াটিয়া আলতাফ হোসেনের ছেলে। আরজু রহমান জানান, আরিফ ছাদে খেলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ময়না একটি কাঠ দিয়ে ছেলেটিকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
 
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূ্ত্রে জানা গেছে, আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ময়না বিপদমুক্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এএম