বগুড়ায় গত ২৪ ঘন্টায় পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসির ১ লাখ ৬০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২১ হাজার জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এবং সোমবার অপরটি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
বগুড়া এপিবিএন-৪ এর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে বগুড়া শহরের নজরুল ফার্মেসির ১০ হাজার টাকা, মেডিনোভা হোমিও চিকিৎসালয়ের ৫০ হাজার টাকা, হোয়াইট হর্স ফামাসিউটিক্যাল লিমিটেডের ৫০ হাজার টাকা এবং চায়না হারবালের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন-৪ বগুড়ার সদস্যরা।
অপরদিকে সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বগুড়া সদর, কাহালু ও দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১ হাজার টাকা জরিমানা করেছেন। দুপচাঁচিয়ার তালুচ বাজারে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মহাবীর অটো রাইচ মিলের মালিকের ৩০ হাজার টাকা, গৌরব অটো রাইস মিলের মালিকের ২০ হাজার টাকা, কাহালু উপজেলার মিতু বস্তা ঘরের মালিকের ৩ হাজার টাকা এবং সদর থানার কচুয়া বাজার এলাকার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/নূহু