২৩ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি হত্যার বিচার

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শফি সিদ্দিকী হত্যার বিচার ২৩ বছরেও হয়নি। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় বিচারের আশা একরকম ছেড়েই দিয়েছে পরিবারের সদস্যরা।
 
প্রত্যেক বছর এই দিনে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের উদ্যোগে নিহতের স্মরণসভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় সোমবার কলিম উদ্দিন আব্বাছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।
 
 
শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন- কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আনছার আলী বিকম, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু  ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।
 
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শফি সিদ্দিকী হত্যার আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৩ বছরেও শফি সিদ্দিকী হত্যার বিচার না হওয়ায় অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা মর্মাহত। আওয়ামী লীগ সরকারের আমলেও এ বিচার না হলে শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে না।
 
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার পাথালিয়া মাঠে আওয়ামী লীগের জনসভায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শফি সিদ্দিকীকে হত্যা করে সন্ত্রাসীরা।
 
ইত্তেফাক/বিএএফ