স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর বাজার থেকে গোপীনাথপুর প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ দূর্ভোগ পোহাচ্ছিল এলাকার কয়েক হাজার মানুষ। এ সড়কটি সংস্কার না হওয়ায় বিশেষ করে উৎপাদিত বিভিন্ন সবজি পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে কমদামে সবজি বিক্রি করছিল চাষীরা। সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় অবশেষে গত বৃহস্পতিবার  নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে এটি সংস্কার করছেন এলাকাবাসী।
 
জানা যায়, এনায়েতপুর বাজার থেকে গোপীনাথপুর বাজার পর্যন্ত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারী চলাচল করে থাকে। শুষ্ক মৌসুমে এ এলাকার লোকজনের চলাচলের জন্য রাস্তাটির বিকল্প আর কোনো রাস্তাও নেই। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ওই এলাকার লোকজন তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যাযমূল্য ও চিকিৎসাসেবা, শিক্ষার্থী, নারী ও শিশু পথচারীর চরম দূর্ভোগের শিকার হন।
 
সমস্যা লাঘবে কর্তৃপক্ষের ভরসায় আর না থেকে এলাকাবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে লেগে যান। গোপীনাথপুরের এছাহাক বলেন, এলাকাবাসীর দুর্দশা দেখে আর সহ্য করা যায় না। তাই তাদের সঙ্গে নিজেও সংস্কার কাজে যোগদান করেছি।
 
এনায়েতপুর ফুলতলার শফিকুল ইসলাম বলেন, আমরা রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একাধিবার বলেছি। তিনি কোনো রকম পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে আমরা নিজেরাই সংস্কার কাজ করেছি।
 
একই গ্রামের হাজী নুরুল ইসলাম মাস্টার বলেন, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ার পরও এর প্রতি কর্তৃপক্ষের কোন নজর নেই। এটি দ্রুত পাকা হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।
 
৯নং এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কবির হোসেন তালুকদার বলেন, কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তাটি সংস্কারের পরিকল্পনা ছিল। এর আগেই যখন এলাকাবাসী তা করে ফেলেছেন, ভালোই হয়েছে।
 
ইত্তেফাক/নূহু