চট্টগ্রামে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দীন মুরাদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর আদালত হাজি ইকবালকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত ২৬ মার্চ নগরীর সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভা চলাকালীন যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতারি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গত ২২ জুলাই হাজি ইকবালসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় বন্দর থানা পুলিশ। অভিযোগপত্রে হাজি ইকবাল, তার ভাই মুরাদ, বিপ্লব, ডিউক, আজাদ, শেখ মহিউদ্দিন, মাহিব, আজগর, জিসানসহ মোট ২০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ৯ জন কারাগারে ছিলেন। হাজি ইকবালসহ ১১ আসামি পলাতক ছিলেন।
ইত্তেফাক/নূহু