ভাঙ্গুড়ায় ব্র্যাকের ঋণের কিস্তি দিতে না পারায় বিধবা ভিটেছাড়া

পাবনার ভাঙ্গুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ঋণের কিস্তির টাকা দিতে না পারায় সামর্থ বানু (৭০) নামে এক বিধবা পালিয়ে বেড়াচ্ছেন। বিধবা পৌরসভার সারুটিয়া ওয়াপদা বাঁধ মহল্লার মৃত খলিল প্রামানিকের স্ত্রী।
 
সামর্থ বানু জানান, গত বছর ব্র্যাকের ভাঙ্গুড়া শাখা থেকে আমি ৩০ হাজার টাকা ঋণ নিই। আমি নিয়মিত কিস্তির টাকাও পরিশোধ করে আসছিলাম। গত ৭ আগস্ট আমার স্বামী ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে আমার সন্তান বা উপার্জনক্ষম উত্তারাধিকারী না থাকায় অন্যের  বাড়ি কাজ করে কোন রকমে দিন কাটাচ্ছিলাম। তদুপরি ঐ এনজিওর কর্মীরা প্রতিদিন আমার বাড়ি গিয়ে অপমান অপদস্ত করাসহ মামলা দিয়ে আমাকে জেলে দেওয়ার হুমকি দেয়। এতে ভীত হয়ে আমি নিজ ভিটে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
 
এ ব্যাপারে জানতে চাইলে সোমবার ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আবু হেনা জানান, ঐ বিধবার স্বামীর নামে বীমা করা ছিলা না। এজন্য তাদের কিস্তি মওকুফ করা হয়নি। ফলে টাকা পরিশোধ করতে হবে।
 
ইত্তেফাক/নূহু