সিদ্ধিরগঞ্জে ৯ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তুহিন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার প্রধান কর্মকর্তা এ তথ্য জানান।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিদ্ধিরগঞ্জে মাদকের একটি বড় চালান আসবে। রবিবার রাত পৌনে আটটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযানে উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাজারের ব্যাগ হাতে এক যুবককে দেখতে পান। তুহিন নামে ওই যুবকের হাতে থাকা প্যাকেটে তল্লাশি করে ৪৪টি জিপারের প্যাকেটে রক্ষিত ৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা (নং- ২৪) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, তুহিন একজন মাদক ব্যবসায়ী। তার সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাদের খোঁজা হচ্ছে। সোমবার দুপুরে তুহিনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু