সখীপুরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে অপহরণের ৭ দিন পর অপহৃতা এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার ঘাটাইল উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
 
অপহৃতার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন ওই ছাত্রী। সখীপুর উপজেলার কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর মা এ ঘটনায় বাদী হয়ে সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় কুতুবপুর শাপলার পাড়া এলাকার ইন্নছ আলীর ছেলে সোহেল রানাসহ ৩ জনকে আসামি করা হয়।
 
ওই  মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই অপহরণকারীর এক আত্মীয়র বাড়ি ঘাটাইল উপজেলার থেকে অপহৃতাকে উদ্ধারের পর অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে সখীপুর থানার প্রধান কর্মকর্তা এসএম তুহিন আলী বলেন, অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণকারী সোহেলকে গ্রেফতার করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু