উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডে পদ্মা তীরবর্তী এলাকার ২৫ থেকে ৩০টি বাড়িতে পানি ঢুকেছে। এছাড়া বেশ কিছু পরিবার তাদের ঘর-বাড়ি সরিয়ে নিয়েছেন।
রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, প্রতিদিন পদ্মার পানি চার-পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে। মঙ্গলবার সকালে ১৭ দশমিক ১৬ মিটার। এর আগে শনিবার দুপুর ১২টায় রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪ মিটার। গত শুক্রবার ভোরে ছিল ১৬ দশমিক ৯৬ মিটার। সন্ধ্যা ৬টায় ছিল ১৭ মিটার। গত রবিবার সকালে ছিল ১৭ দশমিক ৮ মিটার এবং সোমবার সেটি গিয়ে দাঁড়ায় ১৭ দশমিক ১৪ মিটার।
স্থানীয়রা বলছেন, গত ১২ থেকে ১৫ দিন আগে থেকে পদ্মার পানি বাড়তে থাকে। এর ফলে রাতারাতি এই এলাকার বেশ কিছু বাড়িতে পানি উঠে যায়। পর্যায়ক্রমে ২৫ থেকে ৩০টা বাড়ি সড়িয়ে নেওয়া হয়েছে। পানি বাড়ার কারণে আবার কেউ বাড়ি ছেড়ে চলে গেছে।
মঙ্গলবার দুপুরে সরজমিনে দেখা যায়, খরবোনা পদ্মা পাড় এলাকা এলাকার অনেক বাড়ি পদ্মা নদীর পানিতে তলিয়ে গেছে। এছাড়া কেউ কেউ ঘরবাড়ি ভেঙে নিয়ে অন্য এলাকায় ভাড়া চলে গেছে। আবার কেউ সেখানেই মাঁচা করে পানির উপরে থাকছেন ঝুঁকি নিয়ে। ওই এলাকার নয়ন প্রামাণিক জানান, ২৫ থেকে ৩০টা বাড়ি সরিয়ে নিয়েছে স্থানীয়রা। তারা বাঁধের উপরে বাড়ি ভাড়া নিয়ে থাকছে। এছাড়া হাবিব, হযরত, আবদুল সাইদুর, লিটনসহ অনেকের বাড়িতে পানি উঠেছে। এছাড়া সাইদুর ও লিটনের বাড়ি পানিতে চলিয়ে গেছে। তারা অন্য জায়গায় ভাড়া গিছে বলে তিনি জানান।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, বন্যা নিয়ন্ত্রণের জন্য তাদের যে অবকাঠামো রয়েছে তা যেনো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে তারা তদারকি শুরু করেছেন। পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী শহর রক্ষা বাঁধের ৫ কিলোমিটার এলাকা রক্ষায় ২৬৮ কোটি ১৭ লাখ টাকার প্রকল্পের কাজ চলছে।
ইত্তেফাক/নূহু