গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় কিঞ্জর রায় (১২) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত কিঞ্জর রায় দাসেরহাট গ্রামের পিযুষ রায়ের ছেলে ও মুকসুদপুর ১৭৭ নং বি,কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিঞ্জর রায় বাড়ি থেকে বের হয়ে কেনাকাটার জন্য ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে মুকসুদপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গাড়িটি আটকের জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
ইত্তেফাক/নূহু