ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ হেফাজতে শহীদুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, গ্রামবাসী চোর সন্দেহে গণপিটুনিতে শহীদুলের মৃত্যু হয়েছে।
শহীদুল জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়জুল আজিম বলেন, মঙ্গলবার ভোরে শহীদুল হরষপুর বড়চাল প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয় লোকজন তাকে দেখে ফেলে। পরে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহীদুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/বিএএফ