নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোজাহিদ নামে আড়াই বছরের এক শিশুর গোপনাঙ্গ কেটে দিয়েছে। রায়পুরা উপজেলার ইসলামপুর এলাকায় ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছেন আহত মোজাহিদের পিতা ফারুক মিয়া। আহত মোজাহিদ বর্তমানে রায়পুরা উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হযরত আলী, জাহাঙ্গীর মিয়া, হাছান আলী, সহ চার-পাচজন গত ২ সেপ্টেম্বর বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারুক মিয়ার বাড়ির আঙ্গিনায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় ফারুক মিয়া ও তার স্ত্রী বাধা দিলে প্রতিপক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। এ সময় বাড়ির আঙ্গিনায় খেলা করতে থাকা মোজাহিদ নামে আড়াই বছরের ছেলে সন্তানকে পার্শ্ববর্তী কচুক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে। এ সময় তারা মোজাহিদের গোপনাঙ্গ কেটে মারাত্মক জখম করে।
সন্তানের চিৎকারে মা-বাবা দৌড়ে এসে ছেলেকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন কৌশলে রায়পুরা থানায় পাল্টা মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন বলেন, উক্ত ঘটনায় উভয় পক্ষের মামলা নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/নূহু