বন্যায় ভেসে এলো ৩ বিএসএফ সদস্য

বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩ সদস্যসহ দুজন মাঝিকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্প থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৮ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পের সদস্যরা কান্ট্রিবোটযোগে তাদের অভ্যন্তরভাগে টহল দিচ্ছিল। এ সময় তাদের বোট বিকল হয়ে গেলে তারা ধরলায় ভেসে যায়। এ সময় তারা সীমান্ত পিলার ৯২৭/৪-এস অতিক্রম করে বাংলাদেশে ৪ কিলোমিটার অভ্যন্তরে ভেসে চলে আসে।
IMG0
খবর পেয়ে বিজিবি মোঘলহাট ক্যাম্পের সদস্যরা ধরলার নদীর ঘেরুরঘাট নামক স্থান থেকে তাদের ৫ জনকে উদ্ধার করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টেলিযোগাযোগের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের ফেরত পাঠায় বিজিবি। বিকল কান্ট্রিবোটটি বিজিবির কাছে জমা রেখে ফিরে গেছে বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/নূহু