স্পোর্টস রিপোর্টার
হায়দরাবাদ থেকে সোমবার রাতেই ঢাকা ফিরেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব আল হাসানের সঙ্গে ৯ দিন থেকে এসেছেন তিনি। নিজের প্রস্তুতির জন্যই প্রিয় কোচ সালাউদ্দিনকে ডেকে নিয়েছিলেন আইপিএল খেলতে এখন হায়দরাবাদে অবস্থান করা বাঁহাতি এই অলরাউন্ডার।
সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে সাকিবকে ৭ দিন অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন। গোটা দলের সঙ্গে টিম হোটেলেই ছিলেন তিনি। আইপিএলে নিয়মিত ম্যাচ না পেলেও টানা অনুশীলন করে যাচ্ছেন সাকিব। হায়দরাবাদে প্রিয় শীর্ষ্যের ব্যাটিং নিয়েই কাজ করেছিলেন সালাউদ্দিন। ফাস্ট বোলারদের বোলিংয়ের বিরুদ্ধে খেলা, ইয়র্কার লেন্থের বোলিং খেলার বিষয় নিয়ে কাজ করেছেন সাকিব।
ঢাকায় ফিরে সালাউদ্দিন বলেছেন, সাকিব ভালো অবস্থানেই আছেন। বিশ্বকাপ ভাবনায় ব্যাটিং নিয়ে কাজ করছেন এই বাঁহাতি ক্রিকেটার।
গতকাল তিনি বলেন, ‘আগের চেয়ে খুব ভালো অবস্থায় আছে। আমি আশাবাদী ভালো করবে। ইনজুরির পর বেশি ম্যাচ খেলে নাই। তাই নিজেকে প্রস্তুত করে রাখা। যখনই ম্যাচ খেলবে যেন নিজের শতভাগ দিতে পারে।’
বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিচ্ছেন না সাকিব। তবে ওয়ানডে দলের সহঅধিনায়কের অনুশীলনে গুরুত্ব পাচ্ছে বিশ্বকাপ। সালাউদ্দিন গতকাল বলেছেন, ‘তার ইচ্ছা আছে ভালো করার। চেষ্টা করছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নাররা স্বদেশে ফিরে যেতে পারেন। তাতেই সানরাইজার্স হায়দরাবাদের একাদশে সাকিবের ফেরার সম্ভাবনাও জেগেছে। যার কারণেই দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার চেয়ে আইপিএলের দলের সঙ্গে ম্যাচের আবহে অনুশীলনকে প্রাধান্য দিচ্ছেন সাকিব।