বিদ্যুৎ বিভ্রাটের জন্য মুলতবি করতে হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। গতকাল মঙ্গলবার শুধু প্রশ্নোত্তর পর্ব শেষ করে অধিবেশন আজ বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
গতকাল বিকাল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়। এ সময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। সংসদ অধিবেশন পাঁচটায় শুরুর কথা থাকলেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় ১০ মিনিট পর। মাগরিবের নামাজের বিরতির আগেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।
পরে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়েছে।