স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে আজ বুধবার থেকে একই সঙ্গে শুরু হচ্ছে প্রথম বিভাগ ও প্রিমিয়ার ভলিবল লিগ। প্রথম বিভাগে ১৬ এবং প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে খেলবে ১২টি দল। উভয় লিগের পর্দা নামবে ২৮ এপ্রিল। এর পরপরই শুরু হবে মহিলা ভলিবল লিগ। সরাসরি লিগ পদ্ধতিতে খেলবে ৭টি দল। প্রথম ও প্রিমিয়ার বিভাগে জেলার বাইরের ৩ জন করে খেলোয়াড়কে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া মহিলা লিগ থাকবে উন্মুক্ত। মহিলা ভলিবলের প্রসার ঘটাতে এমন সিদ্ধান্ত আয়োজকদের। এই তিন লিগের বাজেট তিন লাখ টাকা। স্পন্সর প্রতিষ্ঠান দিচ্ছে মাত্র এক লাখ টাকা। বাদবাকি অর্থ ব্যয় করা হবে ভলিবলের নিজস্ব তহবিল থেকে। সিজেকেএস মিডিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভলিবল লিগ আয়োজনের বিভিন্ন তথ্য জানান কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।