রাজধানীতে ‘ইন্দোনেশিয়া ফেয়ার’ শুরু বৃহস্পতিবার

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্দোনেশিয়া ফেয়ার ২০১৯’। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো। তিনি জানান, ইন্দোনেশিয়ার ৭৫টির বেশি কোম্পানি তাদের পণ্য-সেবা নিয়ে প্রদর্শনীতে অংশ নেবে। ইন্দোনেশিয়ান বাটিক, পোশাক, গহনা, হস্তশিল্প সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার ও পর্যটনের উপর বিশেষ ছাড় থাকবে প্রদর্শনীতে।

ইন্দোনেশিয়া-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম আয়োজিত এ প্রদর্শনী চলবে শনিবার, ২৭ এপ্রিল পর্যন্ত। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ঘাটতি দূর করা নিয়ে আলোচনা হবে বলে জানান ইন্দোনেশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মোস্তফা কামরুস সোবহান। তিনি বলেন, প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলার দ্বিতীয় দিন বিজনেস ফোরামের আলোচনা অনুষ্ঠিত হবে।