ওসমানীনগর বিএনপি-ছাত্রদলের ৬ নেতা আটক

ওসমানীনগর উপজেলা বিএনপি ও ছাত্রদলের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মতিঝিলে হোটেল উপবন ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতর হলেন- ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ আব্দুল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব রায়হান আহমদ, যুগ্ম-আহ্বায়ক সাহেদ আহমদ ও যুবদল নেতা মানিক মিয়া।
 
আটকের সত্যতা নিশ্চিত করে আটককৃতদের আইনজীবী সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আটককৃত নেতারা ওসমানীনগর থানায় সড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিন আনার জন্য ঢাকায় গিয়েছিলেন। বুধবার উচ্চ আদালতে তাদের জামিন আবেদনের শুনানীর ধার্য ছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে হোটেল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানায় নিয়ে যায়।
 
তিনি আরও জানান, বিএনপি যাতে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে পরে এজন্য আওয়ামী লীগ নানা মুখী সড়যন্ত্রসহ বিভিন্ন অপকৌশল চালাচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ