বিদেশি নিয়োগের ফলে দেশে পেশাদার অ্যাকাউন্ট্যান্টসদের মাঝে বেকারত্ব বাড়ছে

ইত্তেফাক রিপোর্ট

বিদেশি নাগরিক নিয়োগের ফলে দেশের দক্ষ ও পেশাদার অ্যাকাউন্ট্যান্টসদের মাঝে বেকারত্ব বাড়ছে বলে উল্লেখ করেছেন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট এম. আবুল কালাম মজুমদার। তিনি জানান, কোম্পানি অ্যাকাউন্টিং ও ফাইনান্সিয়াল কাজে বাংলাদেশের নাগরিকদের একই দক্ষতা থাকা সত্ত্বেও বিদেশি নাগরিক নিয়োগ দিচ্ছে। ফলে দক্ষ ও পেশাদার অ্যাকাউন্ট্যান্টসদের বেকারত্ব বাড়ছে। গতকাল আইসিএমএবি-এর প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে এ  কথা জানান। তিনি একটি নীতিমালা প্রণয়ন করে বিদেশি নাগরিক নিয়োগ বন্ধের অনুরোধ জানান। বৈঠকে কস্ট অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ-এর সার্বিক উন্নয়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিডার চেয়ারম্যান। ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মোহাম্মদ সেলিম এবং আইসিএমএবি এর পরিচালক নাজমুছ সালেহীন এ সময় উপস্থিত ছিলেন। আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে বিডার নির্বাহী চেয়ারম্যানকে অবহিত করেন।