ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালিপুর গ্রামে বজ্রপাতে সোহাগ মোল্লা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মোল্লা শালিপুর গ্রামের সাঈদ মোল্লার ছেলে। তিন ভাইয়ের মধ্যে সোহাগ সবার বড়।
সোহাগের চাচা ফরিদ মোল্লা জানান, বুধবার বিকেল ৩ টার দিকে সোহাগ ও তার ছোট ভাই রোমান (৫) বাড়ির সামনের খালে নৌকাযোগে মাছ ধরতে যায়। বিকেল ৪টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এ সময় সোহাগের বাবা সাঈদ মোল্লা ছেলেদের খুঁজতে বের হন। খালের কাছে গেলে রোমানের কাছে বজ্রপাতের কথা শুনে পানিতে ডুবে থাকা সোহাগের মৃত দেহ উদ্ধার করেন।
চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন ও চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান সোহাগের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ইত্তেফাক/বিএএফ